অথ যদি মহজ্জিগমিষেদমাবাস্যায়াং দীক্ষিত্বা পৌর্ণমাস্যাং রাত্রৌ সর্বৌষধস্য মথং দধিমধুনোরুপমথ্য জ্যেষ্ঠায় শ্রেষ্ঠায় স্বাহেত্যগ্না-বাজ্যস্য হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ ॥ 4
অন্বয় : অথ যদি মহৎ (মহত্ত্বকে) জিগমিষেৎ (প্রাপ্ত হইতে ইচ্ছা করে), অমাবাস্যায়াম্ (অমাবস্যাতে) দীক্ষিত্বা (দীক্ষা গ্রহণ করিয়া) পৌর্ণমাস্যাম্ রাত্রৌ (পূর্ণিমা রজনীতে) সর্বৌষধস্য (সমুদয় ওষীধর) মথম্ (বিভিন্ন ওষধি একত্র পেষণ করিলে যে পিষ্ট হয়, তাহার নাম মন্থ) দধিমধুনোঃ (দধি ও মধুতে) উপমথ্য (মন্থন বা মিশ্রিত করিয়া) জ্যেষ্ঠায় শ্রেষ্ঠায় স্বাহা (জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠের উদ্দেশ্যে স্বাহা) ইতি অগ্নৌ (অগ্নিতে) আজ্যস্য (আজ্যের, আজ্যকে; শঙ্করের মতে— আজ্যনিক্ষেপ স্থলে; আজ্য—ঘৃত) হুত্বা (আহুতি দিয়া) মন্থে (যে মথ পূর্বে প্রস্তুত করা হইয়াছিল সেই মন্থে; কিংবা মন্থপাত্রে) সম্পাতম্ (পাত্র সংলগ্ন হোমের অবশিষ্টাংশকে)। অবনয়েৎ (নিম্নে নিক্ষেপ করিবে)।
সরলার্থ : যদি কেহ মহত্ত্ব লাভ করিতে ইচ্ছা করে তবে সে অমাবস্যাতে দীক্ষা নিয়া পূর্ণিমা-রাত্রিতে নানা প্রকার ওষধি মিশাইয়া পেষণ করিবে। সেই মন্থকে দধি ও মধুর সহিত মিলাইয়া ‘জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠের উদ্দেশে স্বাহা’ বলিয়া অগ্নিতে ঘৃত এবং মন্থন—পাত্রে সম্পাৎ (হোমের অবশিষ্টাংশ) নিক্ষেপ করিবে।