স য ইদমবিদ্বানগ্নিহোত্রং জুহোতি যথাঙ্গারানপোহ্য ভস্মনি জুহুয়াত্তাদৃক্ তৎ স্যাৎ ॥ ১
৪৪৩. অথ য এতদেবং বিদ্বানগ্নিহোত্রং জুহোতি তস্য সর্বেষু লোকেষু সর্বেষু ভূতেষু সর্বেষ্বাত্মসু হুতং ভবতি ॥ ২
অন্বয় : সঃ যঃ (সেই যে কোন লোক) ইদম্ (ইহাকে) অবিদ্বান্ (না জানিয়া) অগ্নিহোত্রম্ জুহোতি (অগ্নিহোত্র হোম করে) যথা (যেমন) অঙ্গারান্ (জ্বলদঙ্গারকে) অপোহ্য (পরিত্যাগ করিয়া) ভস্মনি (ভস্মে) জুহুয়াৎ (হোম করে) তাদৃক্ (সেই প্রকার) তৎ স্যাৎ (হয়)। অথ যঃ এতৎ (ইহাকে) এবম্ (এইরূপ) বিদ্বান্ (জানিয়া) অগ্নিহোত্রম্ জুহোতি (১মঃ) তস্য (তাহার) সর্বেষু লোকেষু (সর্বলোকে) সর্বেষু ভূতেষু (সর্বভূতে সর্বেষু আত্মষু (সমুদয় আত্মাতে) হুতম্ ভবতি (হোম করা হয়)।
সরলার্থ : (১ম ও ২য় মন্ত্ৰ)— যে লোক ইহা অর্থাৎ এই বৈশ্বানর বিদ্যা না জানিয়া অগ্নিহোত্র হোম করে— জ্বলন্ত অঙ্গার ছাড়িয়া ভস্মে আহুতি দিলে যাহা হয়— ইহারও তাহাই হয়। আর যিনি ইঁহাকে এইরূপ জানিয়া অগ্নিহোত্র হোম করেন, তাঁহার সর্বলোকে, সর্বভূতে ও সকল আত্মাতে হোম করা হয়।
মন্তব্য : অগ্নিতে আহুতি দেওয়ার নাম ‘অগ্নিহোত্র’। প্রাতঃকালে এবং সায়ংকালে নির্দিষ্ট অগ্নিতে আহুতি দেওয়া গৃহস্থের পক্ষে একটি নিত্য কর্ম।