অথ হ প্রাণ উচ্চিক্রমিষন্ স যথা সুহয়ঃ পদ্বীশ— শঙ্কুন্ সংখিদেদেব- মিতরান্ প্রাণান্ সমখিদত্তং হাভিসমেত্যোচুর্ভগবন্নেধি ত্বং নঃ শ্রেষ্ঠোহসি মোক্রমীরিতি ॥ ১২
অন্বয় : অথ হ প্রাণঃ উৎচিক্রমিষন্ (উৎক্রমণ করিতে ইচ্ছা করিলে) সঃ যথা সু- হয়ঃ (উৎকৃষ্ট অশ্ব) পড্বীশ—শঙ্কূন্ (পাদবন্ধনের জন্য খুঁটাসমূহ, শঙ্কু—খুঁটা) = সংখিদে (বৈদিক প্রয়োগ = সংখিন্দেৎ–সমুৎপাটিত করে) এবম্ (এই প্রকার) ইতরান্ প্রাণান্ (অপরাপর প্রাণসমূহকে) সম্ অখিদৎ (বৈদিক প্রয়োগ = সমখিন্দৎ সমুৎপাটিত করিল। তম্ (তাহার নিকট) হ অভিসমেত্য (একত্র আগমন করিয়া) উচুঃ (বলিয়াছিল) — ভগবন্, এধি (হউন, অর্থাৎ ‘প্রভু’ হউন); ত্বম্ (আপনি) নঃ (আমাদিগের) শ্রেষ্ঠঃ অসি (হইতেছেন)। মা উৎক্রমীঃ (উৎক্রমণ করিবেন না)।
সরলার্থ : যখন প্রাণ দেহ ছাড়িবার ইচ্ছা প্রকাশ করিল, তখন উৎকৃষ্ট অশ্ব যেমন পা বাঁধিয়া রাখিবার খুঁটিসমূহ উৎপাটিত করে, তেমনি প্রাণও অন্য ইন্দ্রিয়গুলিকে উৎপাটিত করিবার উপক্রম করিল। তখন তাহারা প্রাণের নিকট যাইয়া বলিল— ‘ভগবান্, আপনিই আমাদের প্রভু হউন; আপনিই আমাদের মধ্যে শ্রেষ্ঠ; আপনি ছাড়িয়া যাইবেন না’।
মন্তব্য : পজ্বীশ—আনন্দগিরি বলেন ব্যাকরণের নিয়মানুসারে ‘পদ্বীশ’ হওয়া উচিত। ‘পদ্বীশ’ স্থলে ‘পড়ীশ’ বৈদিক। কিন্তু কি প্রকারে ইহার উৎপত্তি হইল তাহা বলা কঠিন। তবে ইহার অর্থ যে ‘পাদবন্ধন’ সে বিষয়ে প্রায় সকলেই একমত। Roth (রথ) বলেন—‘পদ্’ হইতে পড়; ইহার অর্থ পদ; বীশ—বন্ধন। কেহ কেহ বলেন পশ্ ধাতু হইতে ‘পদ্বীশ’ হইয়াছে। এই পশ্ ধাতুর অর্থ ‘বহন করা’ এবং ‘পশ্’ শব্দের অর্থ বন্ধন বা বন্ধনরজ্জু।