শ্রোত্রং হোচ্চক্রাম তৎ সংবৎসরং প্রোষ্য পর্যেত্যোবাচ কথমশকতর্তে মজ্জীবিতুমিতি যথা বধিরা অশৃণ্বন্তঃ প্রাণন্তঃ প্রাণেন বদন্তো বাচা পশ্যন্তশ্চক্ষুষা ধ্যায়ন্তো মনসৈবমিতি প্রবিবেশ হ শ্রোত্রম্ ॥ ১০
অন্বয় : শ্রোত্রম্ হ উৎচক্রাম্। তৎ সম্বৎসরম্ প্রোষ্য পর্যেত্য উবাচ—কথম্ অশকত ঋতে মৎ জীবিতুম্? ইতি যথা বধিরাঃ (বধিরগণ) অশৃণ্বন্তঃ (শ্রবণ না করিয়া) প্রাণন্তঃ প্রাণেন, বদন্তঃ বাচা, পশ্যন্তঃ চক্ষুষা, ধ্যায়ন্তঃ মনসা—এবম্ ইতি। প্রবিবেশ হ শ্রোত্রম্ (৮ম ও ৯ম মন্ত্ৰ দ্ৰঃ)।
সরলার্থ : তারপর কর্ণ দেহ ছাড়িয়া চলিয়া গেল। সে এক বছর প্রবাসে কাটাইয়া ফিরিয়া আসিয়া বলিল, ‘আমার অভাবে তোমরা কিভাবে বাঁচিয়াছিলে?’ (অন্য সব ইন্দ্রিয়েরা বলিল)——’যেমন বধিরেরা শুনিতে পায় না, অথচ নিশ্বাস-প্রশ্বাস নিয়া বাঁচিয়া থাকে, বাগিন্দ্রিয় দ্বারা কথা বলে, চক্ষু দ্বারা দেখে, মন দ্বারা চিন্তা করে, তেমনি (আমরাও জীবিত ছিলাম)।’ তখন কর্ণ দেহে প্রবেশ করিল।