তদ্ য ইহ রমণীয়চরণা অভ্যাশো হ যত্তে রমণীয়াং যোনিমাপদ্যের ব্রাহ্মণযোনিং বা ক্ষত্রিয়যোনিং বা বৈশ্যযোনিং বাথ য ইহ কপূয়চরণা অভ্যাশো হ যত্তে কপূয়াং যোনিমাপদ্যেরন্ শ্বযোনিং বা সূকরযোনিং বা চণ্ডালযোনিং বা ॥ ৭
অন্বয় : তৎ (তাহার পর, বা তাহাদিগের মধ্যে) যে (যাহারা) ইহ (এই পৃথিবীতে রমণীয়চরণাঃ (শোভনকর্মা) অভ্যাশঃ (শীঘ্র, কিংবা ‘ফল’ ১।৩।১২) হ যৎ (যে) তে (তাহারা) রমণীয়াম্ যোনিম্ (রমণীয় জন্মকে) আপদ্যেরন্ (প্রাপ্ত হয়)। ব্রাহ্মণযোনিম্ বা ক্ষত্রিয়যোনিম্ বা বৈশ্যযোনিম্ বা। অথ (আর) যে ইহ কপূয়চরণাঃ (কুকর্মা; কপূয় অর্থাৎ দুর্গন্ধযুক্ত আচরণ যাহাদিগের), অভ্যাশঃ হ যৎ তে কপূয়াম্ যোনিম্ (কুৎসিৎ জন্মকে) আপদ্যেরন্—শ্বযোনিম্ বা (কুকুর জন্মকে) সূকরযোনিম্ বা (বা শূকরজন্মকে চণ্ডালযোনিম্ বা (বা চণ্ডালজন্মকে)।
সরলার্থ : তাহাদের মধ্যে যাহারা (পূর্বজন্মে) এই পৃথিবীতে শোভন কর্ম করিয়াছিল, তাহারা শীঘ্রই ব্রাহ্মণযোনি, ক্ষত্রিয়যোনি বা বৈশ্যযোনিতে জন্মলাভ করে। আর যাহারা এই পৃথিবীতে কুৎসিত কর্ম করিয়াছিল, তাহাদের শীঘ্র জন্ম হয় কুকুরযোনি, শূকরযোনি বা চণ্ডালযোনিতে।
মন্তব্য : পাঠান্তর — দুইটি ‘অভ্যাশঃ’ স্থলেই ‘অভ্যাস’। ‘সূকর’ স্থলে ‘শূকর’। ‘চণ্ডাল’ স্থলে চাণ্ডাল’। ‘সূ কর’—’সূ’ ‘সূ’ শব্দ করে বলিয়া এই জন্তুকে সূকর বলে। (Monier Williams)