অথ য ইমে গ্রাম ইষ্টাপূর্তে দত্তমিত্যুপাসতে তে ধূমমভিসম্ভবন্তি ধূমাদ্রাত্রিং রাত্রেরপরপক্ষম্ অপরপক্ষাদ্ যা ষডুদক্ষিণৈতি মাসাংস্তান্নৈতে সম্বৎসরমভিপ্রাপ্পুবন্তি ॥ ৩
অন্বয় : অথ যে ইমে (এই যাহারা) গ্রামে ইষ্টাপূর্তে (ইষ্ট ও পূর্ত, দ্বিবচন; ইষ্ট যজ্ঞ; কূপ তড়াগ, উদ্যানাদি প্রস্তুত করিবার নাম পূর্ত) দত্তম্ (দান) ইতি উপাসতে (উপাসনা করে), তে (তাহারা) ধূমম্ অভিসম্ভবন্তি (৫।১০।১ মঃ দ্রঃ); ধূমাৎ (ধূম হইতে) রাত্রিম্; রাত্রেঃ (রাত্রি হইতে) অপরপক্ষম্ (কৃষ্ণপক্ষকে); অপরপক্ষাৎ (কৃষ্ণপক্ষ হইতে) যান্ ষট্ দক্ষিণা এতি মাসান্ (যে ছয় মাস সূর্য দক্ষিণদিকে গমন করে; দক্ষিণা—দক্ষিণ দেশে, এতি—গমন করে) তান্ (সেই ছয় মাসকে)। ন এতে (ইহারা) সংবৎসরম্ অভি-প্রাপ্লুবন্তি (প্রাপ্ত হয়)।
সরলার্থ : আর যাহারা গ্রামে ইষ্টাপূর্ত, দান ইত্যাদির অনুষ্ঠান করে, তাহারা মৃত্যুর পর ধূমে গমন করে। ধূম হইতে রাত্রিতে, রাত্রি হইতে কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষ হইতে দক্ষিণায়নের ছয়মাসে গমন করে। ইহারা সংবৎসরে গমন করে না।
মন্তব্য : ‘ইষ্টাপূর্তে’ ইত্যাদি—আমরা ‘ইষ্টাপূর্ত’ শব্দের প্রচলিত অর্থ গ্রহণ করিয়াছি। শঙ্করের এই মত। মহাভারতের টীকায় নীলকণ্ঠও এই অর্থ দিয়াছেন (২।৬৮।৮; ৩।৩২।৩০)। কেহ কেহ বলেন ইষ্টাপূর্ত—ইষ্ট + আপূর্ত। পূর্ত ও আপূর্ত একই অর্থে ব্যবহৃত হইতে পারে সায়ণ বলেন, ইহার অর্থ— শ্রৌত— স্মার্ত দান-ফলেন অর্থাৎ শ্রৌত ও স্মার্ত দান ফলের সহিত। Whitney, Lanman, Mecdonell প্রভৃতি অনেক পণ্ডিত বলেন, ইহার অর্থ ‘What is sacrificed and what is bestowed’—যাহা আহুতি দেওয়া হয় এবং যাহা দান করা হয়। Haug বলেন, ইষ্ট—যজ্ঞ, আপূর্ত—(স্বর্গে) সঞ্চিত। ঐতরেয় ব্রহ্মণে (৭।৩৪।৩) ‘ইষ্টম্ পূর্তম’-এর প্রয়োগ আছে। ইহা একখানি প্রাচীন গ্রন্থ। এই গ্রন্থে যখন ‘পূর্তম’ শব্দের ব্যবহার রহিয়াছে এবং প্রচলিত মতও যখন ইহাই, তখন ‘পূর্তম’ ত্যাগ করিয়া ‘আপূর্তম’ গ্রহণ করিবার কোন কারণ নাই।