অগ্নিষ্টে পাদং বক্তেতি স হ শ্বোভূতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার তা যত্রাভিসায়ং বভূবুস্তত্রাগ্নিমুপসমাধায় গা উপরুধ্য সমিধমাধায় পশ্চাদগ্নেঃ প্রাঙুপোপবিবেষ ॥১
অন্বয় : অগ্নিঃ তে (তোমাকে) পাদম্ বক্তা (বলিবে) ইতি। সঃ (সে) হ শ্বঃ ভূতে (পরদিনে) গাঃ (গো-সমূহকে) অভিপ্রস্থাপয়াঞ্চকার (প্রস্থান করাইল)। তাঃ (সেই গোসমূহ) যত্র (যেখানে) অভিসায়ম্ বভূবুঃ (সায়ংকাল প্রাপ্ত হইল; সায়ংকালে একত্র হইল) তত্র (সেই স্থানে) অগ্নিম্ উপসমাধায় (অগ্নি প্রজ্বলিত করিয়া) গাঃ উপরুধ্য (অবরোধ করিয়া) সমিধম্ আধায় (আহরণ করিয়া) পশ্চাৎ অগ্নেঃ (অগ্নির পশ্চাৎভাগে); প্রাঙ্ (পূর্বমুখ হইয়া) উপ+উপবিবেশ (‘গো ও অগ্নির’ সমীপে উপবেশন করিল)।
সরলার্থ : (বৃষ আরও বলিল)—’অগ্নি তোমাকে একপাদ বলিবে।’ পরদিন সত্যকাম গরুগুলিকে নিয়া (গুরুগৃহে) যাত্রা করিল। গরুগুলি সন্ধ্যাকালে যেখানে একত্র হইল সেখানে আগুন জ্বালিয়া তাহাদের আবদ্ধ করিল। তারপর কাঠ সংগ্রহ করিয়া অগ্নির পশ্চাদ্ভাগে পূর্বমুখ হইয়া বসিল।
মন্তব্য : অগ্নিঃ + তে = অগ্নিস্তে; ‘অগ্নিষ্টে’ বৈদিকপ্রয়োগ। ‘অভিসায়ম্ বভূবঃ’ অংশের দুই প্রকার অন্বয় হইতে পারে : (ক) অভিসায়ম্ বভূবুঃ—সায়ংকালের অভিমুখী হইয়াছিল; অভিসায়ম্—সায়ংকালের অভিমুখ। (খ) সায়ম্ অভিবভূবুঃ—সায়ংকালকে প্রাপ্ত হইয়াছিল বা সায়ংকালের অভিমুখ হইয়াছিল। আনন্দগিরি বলেন, ‘উপ উপবিবেশ’ অংশে ‘উপ’ দুইবার থাকায় বুঝিতে হইবে ‘গো ও অগ্নি উভয়েরই সমীপে উপবেশন করিবার কথা বলা হইয়াছে। ‘