অথ হ শৌনকং চ কাপেয়মভিপ্রতারিণং চ কক্ষসেনিং পরিবিষ্যমাণৌ ব্রহ্মচারী বিভিক্ষে তস্মা উ হ ন দদতুঃ ॥ ৫
অন্বয় : অথ হ শৌনকম্ চ কাপেয়ম্ (কপি-গোত্রোৎপন্ন শৌনককে), অভিপ্রতারিণম্ চ কাক্ষসেনিম্ (কক্ষসেনের পুত্র অভিপ্রতারীকে) পরিবিষ্যমাণৌ (যে দুইজনকে অন্ন পরিবেশন করা হইতেছিল, সেই দুইজনকে) ব্রহ্মচারী বিভিক্ষে (ভিক্ষা চাহিল)। তস্মৈ (তাহাকে) উ হ ন দদতুঃ (ভিক্ষা দিল না)।
সরলার্থ : একদিন কপিপুত্র শৌনক এবং কক্ষসেনের পুত্র অভিপ্রতারী—এই দুইজনকে অন্ন পরিবেশন করা হইতেছিল। এমন সময় একজন ব্রহ্মচারী আসিয়া ভিক্ষা চাহিল। তাহারা তাহাকে ভিক্ষা দিল না।
মন্তব্য : পঞ্চবিংশ ব্রাহ্মণ এবং জৈমিনীয় উপনিষদ ব্রাহ্মণে অভিপ্রতারী কাক্ষসেনির উল্লেখ আছে। ইনি একজন কুরুবংশোদ্ভব রাজন্য ছিলেন।