জানশ্রুতিই পৌত্রায়ণঃ শ্রদ্ধাদেয়ো বহুদায়ী বহুপাক্য আস স হ সর্বত আবসথান্ মাপয়াঞ্চক্রে সর্বত এব মেহন্নমৎস্যন্তীতি ॥ ১
অন্বয় : জানশ্রুতিঃ হ পৌত্রায়ণঃ (জনশ্রুতের বংশধর এবং প্রপৌত্র) শ্ৰদ্ধাদেয়ঃ (যিনি শ্রদ্ধায় সহিত দান করেন) বহুদায়ী (যিনি বহু দান করেন) বহুপাক্যঃ (ভোজন করাইবার জন্য যিনি বহু পাক করান) আস (ছিলেন)। সঃ (তিনি) হ সর্বতঃ (সর্বদিকে) আবসথান্ (পান্থশালাসমূহকে) মাপয়াঞ্চক্রে (প্রস্তুত করাইয়া ছিলেন) সর্বতঃ এব মে অন্নম্ (আমার অন্নকে) অৎস্যন্তি (অদ্; ভক্ষণ করিবে) ইতি।
সরলার্থ : জানশ্রুতি পৌত্রায়ণ শ্রদ্ধা সহকারে বহু দান করিতেন। (অতিথিদিগকে ভোজন করাইবার জন্য) তিনি বহু অন্ন পাক করাইতেন। ‘সকলে আমার অন্ন ভোজন করিবে’— এই উদ্দেশ্যে তিনি সর্বত্র পান্থশালা নির্মাণ করাইয়াছিলেন।
মন্তব্য : জানশ্রুতি পৌত্রায়ণঃ ইহার নানা অর্থ হইতে পারেঃ (ক) জনশ্রুতের বংশধর ও প্রপৌত্র। (খ) পুত্রায়ণ—গোত্রীয় জানশ্রুতি; জানশ্রুতি–জানশ্রুতের পুত্র।