মানবো ব্রহ্মৈবৈক ঋত্বিক্কুরূনশ্বাভিরক্ষত্যেবংবিদ্ হ বৈ ব্ৰহ্মা যজ্ঞং যজমানং সর্বাশ্চত্বিজোহভিরক্ষতি তমাদেবংবিদমেব ব্ৰহ্মাণং কুর্বীত নানেবংবিদং নানেবংবিদম্ ॥ ১০
অন্বয় : মানবঃ (মননশীল বা মৌনাবলম্বী) ব্রহ্মা এব একঃ ঋত্বিক্। কুরূ (কুরুদিগকে; শঙ্করের মতে কুরুকর্তা বা যোদ্ধা। এখানে কুরুবংশীয় না বলিয়া শঙ্কর ‘সাধারণ যোদ্ধৃগণ’ বলিয়াছেন) অশ্বা (ঘোটকী) অভিরক্ষতি (রক্ষা করিয়া থাকে)। এবংবিৎ হ বৈ ব্রহ্মা যজ্ঞম্ যজমানম্ সর্বান্ চ ঋত্বিজঃ (এবং সমুদয় ঋত্বিককে অভিরক্ষতি। তস্মাৎ (সেই জন্য) এবংবিদম্ এব ব্রহ্মাণম্ (এইপ্রকার জ্ঞানী ব্রহ্মাকেই কুর্বীত (নিযুক্ত করিবে); ন (না) অনেবংবিদম্ (ন এবংবিদম্—এইপ্রকার জ্ঞান যাহার নাই তাহাকে); ন অনেবংবিদম্ (দ্বিরুক্তি সমাপ্তিসূচক কিংবা গুরুত্বসূচক)।
সরলার্থ : মননশীল (বা মৌনাবলম্বী) ব্রহ্মাই একমাত্র ঋত্বিক্। যেমন ঘোটকী কুরুগণকে (কিংবা যোদ্ধৃগণকে) রক্ষা করিয়া থাকে, তেমনি এইপ্রকার জ্ঞানসম্পন্ন ব্রহ্মা যজ্ঞ, যজমান ও সব ঋত্বিককে রক্ষা করেন। তাই যিনি এই প্রকার জানেন, তাঁহাকেই ব্রহ্মা-ঋত্বিরূপে নিযুক্ত করিবে। যে জানে না তাহাকে নিযুক্ত করিবে না।
মন্তব্য : ‘অশ্বা’— Deussen, Bohtlingk ও Roth ‘অশ্বা’ স্থলে ‘শ্বা’ গ্রহণ করিয়াছেন। শ্বা—কুকুর। কেহ কেহ বলেন কুরূন্—যজ্ঞকর্তৃগণ। তাহা হইলে এই অংশের অর্থ হইবে—কুকুর যেমন যজ্ঞকারিগণকে রক্ষা করে।