স হোবাচ বিজানাম্যহং যৎ প্রাণো ব্রহ্ম কঞ্চ তু খঞ্চ ন বিজানামীতি। তে হোচুর্যদ্বাব কং তদেব খং যাদেব খং তদেব কমিতি প্রাণং চ হাস্মৈ তদাকাশং চোচুঃ ॥ ৫
অন্বয় : সঃ (সে) হ উবাচ (বলিল)—বিজানামি (জানি) অহম্ (আমি) যৎ (যে) প্ৰাণঃ ব্রহ্ম। কম্ চ (ক অর্থাৎ সুখকে) তু খম্ চ (খ অর্থাৎ আকাশকে) ন বিজানামি ইতি। তে (তাহারা) হ উঁচুঃ (বলিল)—যৎ (যাহা) বাব কম্ (সুখ), তৎ (তাহা) এব খম্ (আকাশ); যৎ এব খম্, তৎ এব কম্ ইতি। প্রাণম্ চ (প্রাণকে) হ অস্মৈ (ইহাকে, উপকোসলকে) তৎ আকাশম্ চ উচুঃ (বলিয়াছিল)।
সরলার্থ : উপকোসল বলিল—”প্রাণ যে ব্রহ্ম তাহা জানি; কিন্তু ‘ক’ এবং ‘খ’ যে ব্ৰহ্ম, তাহা জানি না।” তাহারা বলিল—”যাহা ‘ক’ তাহাই ‘খ’ এবং যাহা ‘খ’ তাহাই ‘ক’।” অগ্নিগণ উপকোশলকে ‘ব্রহ্মই প্রাণ এবং আকাশ’—এই উপদেশ দিয়াছিলেন।
মন্তব্য : এই মন্ত্রের শেষ অংশের নিম্নলিখিত অর্থ হইতে পারে—(১) তাহাকে প্রাণের বিষয় এবং সেই আকাশের বিষয় বলিয়াছিলেন। (২) তাহাকে প্রাণের বিষয় এবং ব্রহ্মস্বরূপ আকাশের বিষয় বলিয়াছিলেন। (৩) তাহাকে প্রাণের বিষয় এবং হৃদয় আকাশের বিষয় বলিয়াছিলেন। (৪) ‘ব্ৰহ্মই প্রাণ এবং আকাশ’—তাহার নিকট ইহাই বলিয়াছিলেন। (৫) (ব্ৰহ্মই) প্রাণ এবং হৃদয়াকাশ—তাহার নিকট ইহাই বলিয়াছিলেন।