উপকোসলো হ বৈ কামলায়নঃ সত্যকামে জাবালে ব্রহ্মচর্যমুবাস তস্য হ দ্বাদশবর্ষাণ্যগ্নীন্ পরিচচার স হ স্মান্যানন্তেবাসিনঃ সমাবর্তয়ংতং হ মৈব ন সমাবর্তয়তি ॥ ১
অন্বয় : উপকোসলঃ হ বৈ কামলায়নঃ (কমলের পুত্র) সত্যকামে জাবালে (সত্যকাম জাবালের নিকট) ব্রহ্মচর্যম্ উবাস (ব্রহ্মচর্য অবলম্বন করিয়া বাস করিয়াছিল) তস্য হ (সত্যকামের) দ্বাদশবর্ষাণি (বার বৎসর) অগ্নীন্ পরিচচার—(পরিচর্যা করিয়াছিল)) সঃ (গুরু) হ স্ম (হ, বৈ ইত্যাদির অনুরূপ অব্যয়) অন্যান্ অন্তেবাসিনঃ (অন্য শিষ্যগণকে) সমাবর্তয়ন্ (সমাবর্তন করাইয়া; ব্রহ্মচর্য সমাপ্তির পর গৃহে প্রত্যাগমনের নাম ‘সমাবর্তন’) তম্ (তাহাকে) হ এব ন (না) সমাবর্তয়তি স্ম (সমাবর্তন করাইলেন)।
সরলার্থ : উপকোসল কামলায়ন সত্যকাম জাবালের নিকট ব্রহ্মচর্যবাস করিয়া বার বৎসর গুরুর অগ্নি—পরিচর্যা করিয়াছিল। সত্যকাম অন্য শিষ্যদিগকে সমাবর্তন করাইলেন, কিন্তু উপকোসলকে করাইলেন না।