অথ যচ্চতুর্থমমৃতং তন্মরুত উপজীবন্তি সোমেন মুখেন ন বৈ দেবা অশন্তি ন পিবন্ত্যেতদেবামৃতং দৃষ্ট্বা তৃপ্যন্তি ॥ ১
অন্বয় : অথ যৎ চতুর্থম্ অমৃতম্ তৎ মরুতঃ (মরুৎগণ) উপজীবন্তি সোমেন মুখেন (সোমপ্রমুখ হইয়া)। ন বৈ দেবা অশন্তি, ন পিবন্তি এতৎ এব অমৃতম্ দৃষ্ট্বা তৃপ্যন্তি (৩।৬।১ টীকা)।
সরলার্থ : আর সূর্যের যে চতুর্থ অমৃত (অর্থাৎ অতিকৃষ্ণ রূপ), তাহা মরুৎগণ সোমপ্রমুখ হইয়া উপভোগ করেন। (কিন্তু বস্তুত) দেবতারা ভোজনও করেন না, পানও করেন না; তাঁহারা ইহা দেখিয়াই তৃপ্ত হন।
মন্তব্য : মরুৎগণও গণদেবতা। রুদ্র ইহাদিগের পিতা। ঋগ্বেদে কোন কোন স্থানে ইহাদিগকে রুদ্রিয়ানঃ (১।৩৮।৭ ইত্যাদি) এবং কোন কোন স্থানে (১।৩৯।৪,৭ ইত্যাদি) রুদ্রাণঃ বলা হইয়াছে। কোন কোন স্থানে বলা হইয়াছে ইহাদিগের সংখ্যা ‘ত্রিসপ্ত’ অর্থাৎ ৩ × ৭ ২১ (ঋক্ ১।১৩৩।৬; অথর্ব ১৩।১।১৩) এবং কোথাও বা বলা হইয়াছে ত্রিষষ্টি অর্থাৎ ৩ × ৬০ = ১৮০।