স যাবদাদিত্যঃ পুরস্তাদুদেতা পশ্চাদস্তমেতা বসুনামেব তাবদাধিপতা স্বারাজ্যং পযের্তা ॥ ৪
অন্বয় : সঃ (সেই ব্যক্তি) যাবৎ (যে পর্যন্ত) আদিত্যঃ পুরস্তাৎ উদেতা (যিনি উদিত হন কিংবা উদিত হইবেন), পশ্চাৎ (পশ্চিম দিকে) অস্তম্ + এতা (অস্ত গমনকারী, কিংবা অস্তগমন করিবে), বসুনাম্ এব (বসুগণের তাবৎ (তাবৎকাল পর্যন্ত) আধিপত্যম্ (আধিপত্যকে) স্বারাজ্যম্ (স্বাধীনতাকে) পরি + এতা (যিনি প্রাপ্ত হন কিংবা প্রাপ্ত হইবেন)। [কেহ কেহ বলেন, স্বারাজ্যম্ = স্বর্গরাজ্য, স্বঃ + রাজ্যম্]।
সরলার্থ : যতকাল সূর্য পূর্বদিতে উদিত হইবে এবং পশ্চিম দিকে অস্ত যাইবে, ততকাল সেই ব্যক্তি বসুদিগের মত আধিপত্য ও স্বারাজ্য লাভ করিবেন।
মন্তব্য : ‘সঃ যাবৎ ইত্যাদি। আমরা দেখিতেছি, সূর্য পূর্বদিকে উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যাইতেছে। যতদিন এই প্রকার ঘটিবে ততদিন বসুগণ রাজত্ব করিবেন। আর যাঁহারা সূর্যের প্রথম অমৃতের বিষয় জানেন, তাঁহারাও ততদিন বসুদিগের ন্যায় আধিপত্য ও স্বাধীনতা পাইবেন।