ত এতদেব রূপমভিসংবিশন্ত্যেতস্মাদ্রপাদদ্যন্তি ॥ ২
অন্বয় : তে (সেই দেবগণ) এতৎ এব রূপম্ (এই রূপকেই অর্থাৎ এই রূপেই অভিসংবিশন্তি (প্রবেশ করেন); এতস্মাৎ রূপাৎ (এই রূপ হইতে) উদ্যন্তি (উদিত হন, বহির্গত হন)।
সরলার্থ : সেই দেবগণ (সূর্যের) এই লোহিত রূপে প্রবেশ করেন এবং সেই রূপ হইতেই উত্থিত হন ।
মন্তব্য : ‘অভিসংবিশন্তি’ ও ‘উদ্যন্তি’ ইত্যাদি—শঙ্কর এই অংশের এইরূপ অর্থ করিয়াছেন : রূপম্ অভিরূপকে লক্ষ্য করিয়া। অভিসংবিশন্তি—উদাসীন হন। রূপাৎ রূপ অর্থাৎ অমৃত ভোগ করিবার জন্য। উদ্যন্তি—উৎসাহশীল হন। তাহা হইল এই অংশের অর্থ এইরূপ হইবে দেবগণ এই রূপকে লক্ষ্য করিয়া (রূপম্ অভি) উদাসীন থাকেন (সংবিশন্তি) এবং এই রূপকে ভোগ করিবার জন্য (এতস্মাৎ রূপাৎ) উৎসাহশীল হন (উদ্যন্তি)। শঙ্কর এস্থলে এইরূপ বিচার করিয়াছেন—তাঁহারা কি নিরুদ্যম হইয়া অমৃত ভোগ করেন? না, তাহা নহে। তবে কি প্রকারে? এই লোহিত রূপকে লক্ষ্য করিয়া তাঁহারা এইরূপ মনে করেন, ‘আমাদের এখন ভোগের অবসর নাই’; তখন তাঁহারা উদাসীন হইয়া থাকেন। আবার তাঁহাদের যখন অমৃত ভোগের সময় উপস্থিত হয়, তখন তাঁহারা উৎসাহবান হন। কেহ কেহ ইহার অন্যপ্রকার অর্থও করিয়াছেন (১) তাঁহারা এই রূপে লীন হয় এবং এই রূপ হইতেই পুনরায় উত্থিত হন। (২) (এই রূপ ভোগ করিবার জন্য) তাঁহারা এই রূপে প্রবেশ করেন এবং (রূপ ভোগ করিয়া) এই রূপ হইতে বহির্গত হন।