অথ যান্যষ্টাচত্বারিংশদ্বর্ষাণি তৎ তৃতীয়সবনমষ্টাচত্বরিংশদক্ষরা জগতী জাগতং তৃতীয়সবনং তদস্যাদিত্যা অন্বায়ত্তাঃ প্রাণা বাবাদিত্যা এতে হীদং সর্বমাদদতে ॥ ৫
অন্বয় : অথ যানি অষ্টাচত্বারিংশৎ বর্ষাণি যে (আটচল্লিশ বৎসর) তৎ (তাহা) তৃতীয়সবনম্; অষ্টাচত্বারিংশৎ অক্ষরা (আটচল্লিশ অক্ষরযুক্ত) জগতী (জগতীছন্দ), জাগতম্ (জগতীছন্দোযুক্ত) তৃতীয়সবনম্। তৎ (তাহার অর্থাৎ তৃতীয় সবনের অনুগত)) অস্য আদিত্যাঃ অন্বায়ত্তাঃ। প্রাণাঃ বাব আদিত্যাঃ। এতে হি ইদম্ সর্বম্ (এই সমুদয়কে) আদদতে (গ্রহণ করে)।
সরলার্থ : তাহার পর যে আটচল্লিশ বৎসর তাহাই তৃতীয় সবনের তুল্য; কারণ জগতীছন্দে আটচল্লিশটি অক্ষর আছে এবং তৃতীয় সবনে জগতীছন্দের মন্ত্র উচ্চারিত হয়। আদিত্যগণ এই তৃতীয় সবনের অনুগত। প্রাণসমূহই আদিত্য, কারণ ইহারাই শব্দ ইত্যাদির বিষয়কে ‘আদান’ অর্থাৎ গ্রহণ করিয়া থাকে।