অথ যানি চতুশ্চত্বারিংশদ্বর্ষাণি তন্মাধ্যন্দিনং সবনং চতুশ্চত্বারিংশদক্ষরা ত্রিষ্টুপ ত্রৈষ্টুভং মাধ্যন্দিনং সবনং তদস্য রুদ্রা অন্বায়ত্তাঃ প্রাণাঃ বাব রুদ্রা এতে হীদং সর্বং রোদয়ন্তি ॥ ৩
অন্বয় : অথ যানি (যে) চতুঃ + চত্বারিংশৎ বর্ষাণি (চুয়াল্লিশ বৎসর) তৎ (তাহা) মাধ্যন্দিনম্ সবনম্। চতুঃ চত্বারিংশৎ অক্ষরাঃ (চুয়াল্লিশটি অক্ষর) ত্রিষ্টুপ্ (ত্রিষ্টুছন্দ), ত্রৈষ্টুভম্ (ত্রিষ্টুভ্ছন্দোযুক্ত মাধ্যন্দিনম্ সবনম্। তৎ (তাহার অর্থাৎ মাধ্যন্দিন সবনের অনুগত) অস্য (এই পুরুষযজ্ঞের) রুদ্রাঃ অন্বায়ত্তাঃ প্রাণাঃ বাব রুদ্রাঃ এতে (এই প্ৰাণসমূহ) হি (যেহেতু) ইদম্ সর্বম্ (এই সমুদয়কে) রোদয়ন্তি (রোদন করায়)।
সরলার্থ : তাহার পর যে চুয়াল্লিশটি বৎসর, তাহা মাধ্যন্দিন সবনের মত। কারণ ত্রিষ্টুভ্ছন্দে চুয়াল্লিশটি অক্ষর আছে এবং মাধ্যন্দিন সবনে ত্রিষ্টুভ্ছন্দের মন্ত্র উচ্চারিত হয়। রুদ্রগণ এই মাধ্যন্দিন সবনের অনুগত। প্রাণসমূহই রুদ্র, কারণ প্রাণসমূহই সমস্তকে (জগৎকে) রোদন করাইয়া থাকে।
মন্তব্য : মধ্যম বয়সে প্রাণসমূহ ক্রুর বা নিষ্ঠুর হয়। তখন তাহারা অপরকে দুঃখ দেয় এবং রোদন করাইয়া থাকে। এইজন্যই এখানে প্রাণকে রুদ্র (ক্রূর) বলা হইয়াছে (শংকর)।