সর্বং খল্বিদং ব্রহ্ম তজ্জলানিতি শান্ত উপাসীত। অথ খলু ক্রতুময়ঃ পুরুষো যথাক্রতুরস্মিঁল্লোকে পুরুষো ভবতি তথেতঃ প্ৰেত্য ভবতি স ত্রুতুং কুর্বীত ॥ ১
অন্বয় : সর্বম্ (সমুদয়) খলু (নিশ্চয়ই) ইদম্ (এই) ব্রহ্ম। তজ্জলান্ (তাহা হইতে উৎপন্ন হইয়াছে, তাহাতে লীন হয় এবং তাহাতেই জীবিত থাকে) ইতি শান্তঃ (শান্তভাবে) উপাসীত (উপাসনা করিবে)। অথ (আর) খলু ক্রতুময়ঃ (কতুময়; কতু সঙ্কল্প, অধ্যবসায় বা কর্ম) পুরুষঃ। যথাক্রতুঃ (যেমন ক্রতুযুক্ত) অস্মিন্ লোকে (এই লোকে) পুরুষঃ ভবতি (হয়) তথা (সেই প্রকার) ইতঃ (এই লোক হইতে) প্ৰেত্য (মৃত হইয়া) ভবতি। সঃ ব্রুতুম্ কুর্বীত (করিবে)।
সরলার্থ : এই সবকিছুই ব্রহ্ম, কারণ সমস্ত কিছু তাঁহা হইতেই উৎপন্ন হয়, তাঁহাতেই লীন হয় এবং তাঁহাতেই জীবিত থাকে। এইভাবে শান্ত হইয়া উপাসনা করিবে। মানুষমাত্রেই সঙ্কল্পযুক্ত; এই পৃথিবীতে মানুষের যেমন সঙ্কল্প, অধ্যবসায় বা কর্ম হইবে, এই পৃথিবী বা দেহ ছাড়িয়া যাইবার পরও সেই রকমই হয়। (সুতরাং) এইভাবে ভাবিত হইয়া উপাসনা করিবে।
মন্তব্য : তজ্জলান—তৎ + জ + ল + অন্। তাহা হইতে অর্থাৎ ব্রহ্ম হইতে যাহার উৎপত্তি তাহা তজ্জম্ (তৎ + জন্ হইতে), যাহা তাহাতে লীন হয় তাহা তল্লম্ (তৎ + লী হইতে), যাহা তাহাতে জীবিত থাকে তাহা ‘তদনম্’ (তৎ + অন্ হইতে)।