তস্য হ বা এতস্য হৃদয়স্য পঞ্চ দেবষয়ঃ স যোহস্য প্ৰাঙ্গুষিঃ স প্রাণস্তচ্চক্ষুঃ স আদিত্যস্তদেতত্তেজোহন্নাদ্যমিত্যুপাসীত তেজস্বী অন্নাদো ভবতি য এবং বেদ ॥ ১
অন্বয় : তস্য হ বৈ এতস্য হৃদয়স্য (সেই এই হৃদয়ের) পঞ্চ দেবসুষয়ঃ (দেবতাদিগের দ্বার; দেব = ইন্দ্ৰিয়; সুষি = রন্ধ্র); সঃ যঃ (সেই যে) অস্য (ইহার প্রাঙ্গুষিঃ (পূর্বদ্বার)— সঃ প্রাণঃ, তৎ চক্ষুঃ, স আদিত্যঃ। তৎ এতৎ (সেই ইহা) তেজঃ অন্নাদ্যম্ (৩।২।৩ টীকা) ইতি উপাসীত (উপাসনা করিবে)। তেজস্বী অন্নাদঃ (অন্নভোক্তা) ভবতি (হয়) যঃ এবম্ বেদ।
সরলার্থ : এই হৃদয়ে দেবতাদিগের (ইন্দ্রিয়গণের) পাঁচটি দ্বার আছে। হৃদয়ের যে পূর্বদ্বার, তাহাই প্রাণ, তাহাই চক্ষু, তাহাই আদিত্য। ইহাকে তেজ ও অন্নের আদিরূপে উপাসনা করিবে। যিনি ইহা জানেন, তিনি তেজস্বী ও অন্নভোক্তা হন।
মন্তব্য : শরীরস্থ বায়ুকে পাঁচ ভাগে বিভক্ত করা হইয়াছে— (১) হৃদয়স্থ বায়ুর নাম প্রাণ, (২) নিম্নগামী অর্থাৎ মলদ্বারের বায়ুর নাম অপান, (৩) নাভিস্থিত বায়ুর নাম সমান, (৪) কণ্ঠস্থিত বায়ুর নাম উদান, (৫) সর্বশরীরে ব্যাপ্ত যে বায়ু তাহার নাম ব্যান। (১।৩।৩ মন্ত্রের মন্তব্য দ্রষ্টব্য)।