গায়ত্রী বা ইদং সর্বং ভূতং যদিদং কিঞ্চ বাগ্ বৈ গায়ত্রী বাগ্ বা ইদং সর্বং ভূতং গায়তি চ ত্ৰায়তে চ ॥ ১
অন্বয় : গায়ত্রী বৈ ইদম্ সর্বম্ ভূতম্ (এই সমুদয় ভূত), যৎ ইদম্ কিঞ্চ (এই যাহা কিছু); বাক্ বৈ গায়ত্রী, বাক্ বৈ ইদম্ সর্বম্ ভূতম্ গায়তি চ (গান করে) ত্রায়তে চ (এবং ত্রাণ করে)।
সরলার্থ : এই সকল বস্তু ও প্রাণী জগৎ যাহা কিছু আছে সেই সবই গায়ত্ৰী। বাক্যই গায়ত্রী; কারণ বাক্যই সকল বস্তু ও প্রাণীকে গান (অর্থাৎ বর্ণনা) করিয়া থাকে এবং ইহাদের ত্রাণ করে।
মন্তব্য : গায়ত্রী একটি ছন্দ, এই ছন্দে রচিত মন্ত্রকেও গায়ত্ৰী বল হয়। ‘তৎসবিতুর্বরেণ্যম্’ ইত্যাদি মন্ত্রকে (ঋগ্বেদ ৩।৬২।১০) বিশেষভাবে গায়ত্ৰী বলা হইয়া থাকে। আধুনিক ভাষাতত্ত্বজ্ঞ পণ্ডিতগণ অনেকে বলেন ‘গা’ ধাতু হইতে ‘গায়ত্রী’ হইয়াছে। উপনিষদের ঋষি বলিতেছেন— ইহা ‘গৈ’ ও ‘ত্রা’ ধাতু হইতে নিষ্পন্ন। গৈ = গান করা; ত্রা = ত্রাণ করা।