অথ যৎ সম্প্রতি মধ্যন্দিনে স উদ্গীথস্তদস্য দেবা অন্বায়ত্তাস্তমাত্তে
সত্তমাঃ প্রাজাপত্যানামুদ্গীথভাজিনো হ্যেতস্য সামঃ ॥ ৫
অন্বয় : অথ যৎ (যাহা) সম্প্রতি (ঠিক) মধ্যন্দিনে (মধ্যম্ দিনে=মধ্যাহ্নসময়ে), সঃ উদ্গীথঃ। তৎ (সেই রূপের অনুগত) অস্য (এই আদিত্যের) দেবাঃ (দেবগণ) অন্বায়ত্তাঃ (অনুগত)। তস্মাৎ (সেইজন্য) তে (তাঁহারা) সৎ+তমাঃ (সর্বশ্রেষ্ঠ) প্রাজাপত্যানাম্ (প্রজাপতির সন্তানগণের মধ্যে); উদ্গীথভাজিনঃ (উদ্গীথের ভাগী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।
সরলার্থ : তাহার পর ঠিক মধ্যাহ্নসময়ের যে সূর্য তাহাই ‘উদ্গীথ’। দেবগণ আদিত্যের এই অংশের অনুগত। এইজন্য প্রজাপতির সন্তানদিগের মধ্যে ইঁহারাই সর্বশ্রেষ্ঠ। ইঁহারা সামের ‘উদ্গীথ’ অংশের অধিকারী।