তস্মিন্নিমানি সর্বাণি ভূতান্যন্বায়ত্তানীতি বিদ্যাত্তস্য যৎ পুরোদয়াৎ স হিঙ্কারস্তদস্য পশবোহন্বায়ত্তাস্তস্মাত্তে হিংকুর্বন্তি হিঙ্কারভাজিনো হ্যেতস্য সাম্ন ॥ ২
অন্বয় : তস্মিন্ (সেই আদিত্যে) ইমানি সর্বাণি ভূতানি (এই সমুদয় ভূত) অন্বায়ত্তানি (অনুগত; ১।১০।৯ টীকা) ইতি বিদ্যাৎ (এইরূপ জানিবে)। তস্য (সেই সূর্যের) যৎ (যাহা, যে রূপ, যে সময়ে) পুরোদয়াৎ (উদয়ের পূর্বে), সঃ (সেই রূপ) হিঙ্কারঃ; তৎ [অন্বায়ত্তাঃ] (সেই রূপের অনুগত) অস্য (এই সামরূপী আদিত্যের) পশবঃ (পশুসমূহ) অন্বায়ত্তাঃ (অনুগত)। তস্মাৎ (সেইজন্য) তে (তাহারা) হিম্ কুর্বন্তি (হিং এই শব্দ করিয়া থাকে)। হিঙ্কারভাজিনঃ (হিঙ্কারের ভাগী) হি এতস্য সাম্নঃ (এই সামের)।
সরলার্থ : এই চরাচর সর্বভূত সেই আদিত্যের অনুগত এইরূপ জানিবে। উদয়ের পূর্বে ইহার যে রূপ তাহাই হিঙ্কার। সকল পশু সেই রূপের অনুগত। সেই জন্য তাহারা ‘হিং’ এই শব্দ করিয়া থাকে। এই সামের যে ‘হিঙ্কার’ নামক অংশ, তাহারা সেই অংশের ভাগী।