অথ সপ্তবিধস্য বাচি সপ্তবিধং সামোপাসীত যৎ কিঞ্চ বাচো হুমিতি
স হিঙ্কারো যৎ প্রেতি স প্রস্তাবো যদেতি স আদিঃ ॥ ১
অন্বয় : অথ সপ্তবিধস্য (সাত প্রকারের— হিঙ্কার, প্রস্তাব, আদি, উদ্গীথ, প্রতিহার, উপদ্রব ও নিধন) বাচি (বাক্যে) সপ্তবিধম্ সাম (সাত প্রকার সামকে) উপাসীত (উপাসনা করিবে)। যৎ (যাহা) কিঞ্চ (কিছু) বাচঃ (বাক্যের) হুম্ ইতি (‘হুং’ এই অক্ষর) সঃ হিঙ্কারঃ; যৎ প্র ইতি (‘প্র’ এই অক্ষর), সঃ প্রস্তাবঃ; যৎ আ ইতি (‘আ’ এই অক্ষর) সঃ আদিঃ।
সরলার্থ : এখন সপ্তবিধ সামের উপাসনার বিষয় বলা হইতেছে। বাক্যে সাত প্রকার সামের উপাসনা করিবে—বাক্যের যেখানে ‘হুম্’ এই অক্ষর, তাহা হিঙ্কার, যাহা ‘প্র’ তাহা প্রস্তাব, যাহা ‘আ’ তাহাই আদি।