লোকেষু পঞ্চবিধং সামোপাসীত পৃথিবী হিঙ্কারোহগ্নিঃ প্রস্তাবোহন্ত-
রিক্ষম্ উদ্গীথ আদিত্যঃ প্রতিহারো দ্যৌনিধনমিত্যূৰ্ব্বেষু ॥ ১
অন্বয় : লোকেষু (পৃথিব্যাদি লোকদৃষ্টিতে) পঞ্চবিধম্ সাম (পাঁচ প্রকার সামকে হিঙ্কার, প্রস্তাব, উদ্গীথ, প্রতিহার ও নিধন) উপাসীত (উপাসনা করিবে) পৃথিবী হিঙ্কারঃ, অগ্নিঃ প্রস্তাবঃ; অন্তরিক্ষম্ উদ্গীথঃ; আদিত্যঃ প্রতিহারঃ; দ্যৌঃ নিধনম্ ইতি ঊর্ধ্বের্ষ (এইরূপে পৃথিবী হইতে আরম্ভ করিয়া উর্ধ্বলোক পর্যন্ত)।
সরলার্থ : (পৃথিব্যাদি) লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা করিবে—পৃথিবীই হিঙ্কার, অগ্নিই প্রস্তাব, অন্তরিক্ষই উদ্গীথ, আদিত্যই প্রতিহার, দ্যুলোকই নিধন। ইহাই (পৃথিবী হইতে আরম্ভ করিয়া) ঊর্ধ্বদৃষ্টিতে (সামোপাসনা)।
মন্তব্য : ‘লোকেষু’ শব্দে সপ্তমী বিভক্তি। প্রথমা বিভক্তি করিয়া অর্থ করিতে হইবে। তাহা হইলে অর্থ হইবে— লোকসমূহ পঞ্চবিধ সাম এইরূপে উপাসনা করিবে। অথবা সপ্তমী বিভক্তিতে হিঙ্কারাদিতে যুক্ত করিয়া অর্থ করা যাইতে পারে। তাহা হইলে এইরূপ অর্থ হইবে— হিঙ্কারাদিকে পৃথিব্যাদিরূপে উপাসনা করিবে। (শঙ্কর)।