অমৃতত্বং দেবেভ্য, আগায়ানীত্যাগায়েৎ স্বধাং পিতৃভ্য আশাং
মনুষ্যেভ্যস্তূণোদকং পশুভ্যঃ স্বর্গং লোকং যজমানায়ান্নমাত্মন
আগায়ানীত্যেতানি মনসা ধ্যায়নপ্রমত্তঃ স্তুবীত ॥২
অন্বয় : অমৃতত্বম্ (অমৃতত্বকে) দেবেভ্যঃ (দেবগণের জন্য) আগায়ানি (গান করিয়া লাভ করি) ইতি আগায়েৎ (এভাবে গান করিবে); স্বধাম্ (পিণ্ড) পিতৃভ্যঃ (পিতৃগণের জন্য); আশাম্ (আশা) মনুষ্যেভ্যঃ (মনুষ্যগণের জন্য); তৃণোদকম্ (তৃণ ও জলকে) পশুভ্যঃ (পশুদিগের জন্য) স্বর্গম্ লোকম্ যজমানায় অন্নম্ (অন্নকে) আত্মনে (নিজের জন্য) আগায়ানি (গান করিয়া লাভ করিব) ইতি এতানি (এই সমুদয়কে) মনসা ধ্যায়ন্ (মনদ্বারা ধ্যান করিয়া) অপ্রমত্তঃ (অপ্রমত্তভাবে, শঙ্করের মতে— স্বরাদি উচ্চারণ বিষয়ে সাবধান হইয়া) স্তুবীত (স্তব করিবে)।
সরলার্থ : ‘দেবগণের জন্য অমৃতত্ব লাভ করিব’, এই ভাবে গান করিবে। ‘পিতৃপুরুষগণের জন্য স্বধা (পিণ্ডাদি), মনুষ্যগণের জন্য আশা, পশুগণের জন্য তৃণ জল, যজমানের জন্য স্বর্গলোক, নিজের জন্য অন্ন― (এই সমুদয়) গান করিয়া লাভ করি এই রকম মনে মনে চিন্তা করিয়া অপ্রমত্তভাবে স্তব করিবে।