অভিমন্ধতি স হিংকারো ধূমো জায়তে স প্রস্তাবো জ্বলতি স
উদ্গীথোহঙ্গারা ভবন্তি স প্রতিহার উপশাম্যতি তন্নিধনং সংশাম্যতি
তন্নিধনমেতদ্রথন্তরমগ্লৌ প্ৰোতম্ ॥ ১
অন্বয় : অভিমন্ধতি (অভিমন্থন করা হয়), সঃ (ইহাই) হিঙ্কারঃ, ধূমঃ জায়তে (উৎপন্ন হয়) সঃ প্রস্তাবঃ; জ্বলতি (প্রজ্বলিত হয়) সঃ উদ্গীথঃ; অঙ্গারাঃ (অঙ্গারসমূহ) ভবন্তি (হয়), সঃ প্রতিহারঃ; উপশাম্যতি (উপশান্ত অর্থাৎ নিস্তেজ হয়) তৎ নিধনম্; সম্-শাম্যতি (সম্যকরূপে নির্বাপিত হয়) তৎ নিধনম্। এতৎ রথন্তরম্ (এই রথন্তর নামক সাম) অগ্নৌ (অগ্নিতে) প্ৰোতম্ (নিহিত)।
সরলার্থ : (আগুন জ্বালিবার জন্য) কাষ্ঠে কাষ্ঠে যে ঘর্ষণ করা হয়, তাহাই হিঙ্কার; যে ধূম জন্মায় তাহাই প্রস্তাব; অগ্নি যে জ্বলে তাহাই উদ্গীথ; অঙ্গার উৎপন্ন হয় তাহাই প্রতিহার; অগ্নি নিস্তেজ হইয়া থাকাই নিধন; অগ্নি যে নির্বাপিত হয় তাহাও নিধন। এই রথন্তর সাম অগ্নিতে প্রতিষ্ঠিত।
মন্তব্য : ঘর্ষণ করিয়া অগ্নি উৎপন্ন করিবার সময়ে সামবেদের ‘রথন্তর’ অংশের অন্তর্গত মন্ত্র গান করা হয়। এই জন্য বলা হইয়াছে ‘রথন্তর’ সাম অগ্নিতে প্রতিষ্ঠিত।