উদ্গীথ ইতি ত্র্যক্ষরমুপদ্রব ইতি চতুরক্ষরং ত্রিভিত্রিভিঃ সমং
ভবত্যক্ষরমতিশিষ্যতে ত্র্যক্ষরং তৎ সমম্ ॥ ৩
অন্বয় : উদ্গীথঃ ইতি ত্রি+অক্ষরম্ (তিন অক্ষর যুক্ত) উপদ্রবঃ ইতি চতুর্+অক্ষরম্ (চারি অক্ষর যুক্ত)। ত্রিভিঃ ত্রিভিঃ (তিন অক্ষরে তিন অক্ষরে) সমম্ (সমান) ভবতি (হয়)। অক্ষরম্ (একটি অক্ষর) অতিশিষ্যতে (অবশিষ্ট থাকে)। ত্রি+অক্ষরম্ (তিন অক্ষর যুক্ত) তৎ সমম্ (ইহারা সমান)।
সরলার্থ : ‘উদ্গীথ’ এই শব্দটির তিন অক্ষর; ‘উপদ্রব’ এই শব্দটির চারি অক্ষর। তিন অক্ষরে তিন অক্ষরে ইহারা সমান। (এখন) একটি অক্ষর (অর্থাৎ ‘উপদ্রব’ শব্দের ‘ব’ অক্ষর) থাকে। অপর তিনটি অক্ষর লইলে ইহারা সমান।
মন্তব্য : ‘উপদ্রবঃ’—এই শব্দের তিনটি অক্ষর বাদ দিলে কেবল ‘বঃ’ এই অক্ষরটি থাকে। কেহ কেহ বলেন, এই একটি অক্ষরেও তিনটি অক্ষর আছে।