চক্ষুরেব ঋগাত্মা সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যূঢ়ং
সাম গীয়তে। চক্ষুরেব সাত্মাহমস্তৎ সাম ॥ ২
অন্বয় : চক্ষুঃ এব ঋক্ আত্মা সাম। তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম। তস্মাৎ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে, চক্ষুঃ এব সা, আত্মা অমঃ; তৎ সাম (১।৬। ১ দ্রষ্টব্য)।
সরলার্থ : চক্ষুই ঋক্, আত্মাই (অর্থাৎ চক্ষুতে প্রতিবিম্বিত দেহই) সাম। এই সাম ঋকে অধিষ্ঠিত। এইজন্য গান করা হয় সাম ঋকে অধিষ্ঠিত। চক্ষুই ‘সা’ এবং আত্মাই ‘অম’; এইরূপে সাম হইল।
মন্তব্য : কোন লোকের চক্ষুতে দৃষ্টি রাখিলে সেই চক্ষুর মধ্যে দ্রষ্টার প্রতিবিম্ব দেখা যায়। ঐ প্রতিবিম্বিত দেহকেই এখানে আত্মা বলা হইয়াছে। এখানে ঋষির বলিবার অভিপ্রায় এই— চক্ষুতে যেমন ছায়া আত্মা (অর্থাৎ দেহ) অবস্থিত, ঋকেও তেমনি সাম অবস্থিত।