তস্য ঋক্ চ সাম চ গেষ্ণৌ তস্মাদুদ্গীথস্তস্মত্ত্বেবোদ্গাতৈতস্য
হি গাত স এষ যে চামুম্মাৎ পরাঞ্চো লোকাস্তেষাং চেষ্টে
দেবকামানাং চেত্যধিদৈবতম্ ॥ ৮
অন্বয় : তস্য (তাঁহার) ঋক্ চ সাম চ (ঋক্ ও সাম) গেষ্ণৌ (গায়কদ্বয়); তস্মাৎ (সেইজন্য) উদ্গীথঃ। তস্মাৎ তু এব উদ্গাতা (‘উদ্গাতা’ নামক গায়ক) এতস্য (ইহার) হি গাতা (গায়ক)। সঃ এষঃ (সেই ইনি) যে চ (যে সমুদয়) অমুম্মাৎ (ঐ আদিত্যলোক হইতে) পরাঞ্চঃ (ঊর্ধ্বতন) লোকাঃ (লোকসমূহ) তেষাম্ (সেই লোকসমূহকে); চ ঈষ্টে (শাসন করেন) দেবকামানাম্ চ (দেবগণের কামনার বিষয়েরও) ইতি অধিদৈবতম্ (ইহাই দেব-বিষয়ক)।
সরলার্থ : ঋক্ ও সাম সেই দেবতার গায়কদ্বয় (বা দুই স্তুতি বা পর্বদ্বয়); এই জন্যই তিনি উদ্গীথ এবং এইজন্যই গায়কের নাম উদ্গাতা; ঐ আদিত্যের ঊর্ধ্বতন যে সব লোক আছে, তিনি সেই সকল লোকের ঈশ্বর এবং দেবগণের কাম্যবস্তুরও ঈশ্বর।
মন্তব্য : ‘চ ঈষ্টে’—এই স্থলে ‘চ’ থাকায় বুঝা যাইতেছে যে, তিনি যে কেবল শাসনকর্তা তাহা নহেন, তিনি ধারণকর্তাও (শঙ্কর)। গেষ্ণৌ— পর্বদ্বয়, Joints (শঙ্কর ও মোক্ষমুলার)। রঙ্গরামানুজের মতে ‘গানদ্বয়’।