নক্ষত্রাণ্যেব ঋক্ চন্দ্রমাঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়তে নক্ষত্রাণ্যেব সা চন্দ্রমা অমস্তং সাম ॥ ৪
অন্বয় : নক্ষত্রাণি এব (নক্ষত্রসমূহই) ঋক্; চন্দ্রমাঃ সাম; তৎ এতৎ এতস্যাম্ ঋচি অধ্যূঢ়ম্ সাম; তস্মাৎ ঋচি অধ্যূঢ়ম্ সাম গীয়তে। নক্ষত্রাণি এব সা; চন্দ্ৰমাঃ অমঃ; তৎ সাম (১ম মঃ দ্রঃ)।
সরলার্থ : নক্ষত্রসমূহই ঋক্, চন্দ্র সাম। সেই সাম ঋকে অধিষ্ঠিত। এইজন্য গান করা হয় যে, সাম ঋকে অধিষ্ঠিত। তারকারাজিই ‘সা’, চন্দ্রই ‘অম’। এইরূপে সাম হইয়াছে।
মন্তব্য : ভারতীয় জ্যোতিষশাস্ত্রের মতে মেষাদি বারটি রাশিতে সাতাশটি (কাহারও কাহারও মতে আটাশটি) নক্ষত্র। চন্দ্র এই নক্ষত্রপথে গমন করে। কোন কোন পাশ্চাত্য পণ্ডিত মনে করেন, এই ‘নক্ষত্র’ অর্থেই এখানে ‘নক্ষত্রাণি’ শব্দ ব্যবহৃত হইয়াছে। কিন্তু এই উপনিষদের সময়ে এই অর্থে ‘নক্ষত্র’ ব্যবহৃত হইত কি না সন্দেহ।