ইয়মেব ঋক্ অগ্নিঃ সাম তদেতদেতস্যামৃচ্যধ্যূঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যূঢ়ং সাম গীয়ত ইয়মেব সাহগ্নিরমস্তৎ সাম ॥ ১
অন্বয় : ইয়ম্ এব (এই পৃথিবীই) ঋক্, অগ্নি সাম; তৎ এতৎ (সেই এই সাম এতস্যাম্ ঋচি (এই ঋকে) অধ্যূঢ়ম্ (প্রতিষ্ঠিত) সাম। তস্মাৎ (সেই জন্য) ঋচি (ঋমন্ত্রে) অধ্যূঢ়ম্ (অধিষ্ঠিত রূপে) সাম গীয়তে (সাম গান করা হয়)। ইয়ম্ এব (এই পৃথিবীই) সা (‘সাম’ শব্দের ‘সা’ অক্ষর) অগ্নিঃ অমঃ (‘সাম’ শব্দের ‘অম’ অংশ); তৎ (তাহা; ‘সা+অম’ এই সম্মিলন) সাম।
সরলার্থ : এই পৃথিবীই ঋক্, অগ্নিই সাম। সেই সাম (অর্থাৎ অগ্নি) ঋকে (অর্থাৎ পৃথিবীতে) অধিষ্ঠিত। এইজন্য গীত হইয়া থাকে যে সাম ঋকে অধিষ্ঠিত। এই পৃথিবীই ‘সা’ (অর্থাৎ সাম শব্দের ‘সা’ অক্ষর); অগ্নি ‘অম’ (অর্থাৎ সাম শব্দের ‘অম’ অংশ)। এইরূপে (‘সা’ এবং ‘অম’—এই দুইয়ের সন্ধিতে) সাম হইয়াছে।