দ্যৌরেবোদন্তরিক্ষং গীঃ পৃথিবী থমাদিত্য এবোদ্বায়ুগীরগ্নিস্থং সামবেদ এবোদ্যজুর্বেদো গীঃ ঋগ্বেদস্থং দুগ্ধেহস্মৈ বাগ্দোহং যো বাচো দোহোহন্নবানন্নাদো ভবতি য এতান্যেবং বিদ্বানুদ্গীথাক্ষরাণ্যুপা উদ্গীথ ইতি ॥ ৭
অন্বয় : দ্যৌঃ এব উৎ; অন্তরিক্ষম্ গীঃ; পৃথিবী থম্। আদিত্যঃ এর উৎ; বায়ুঃ গীঃ; অগ্নিঃ থম্। সামবেদঃ এব উৎ; যজুর্বেদঃ গীঃ; ঋগ্বেদঃ থম্। দুগ্ধে (দোহন করে, আপনার দুগ্ধ আপনি দোহন করে) অস্মৈ (উপাসকের জন্য) বাক্ দোহম্ (দুগ্ধকে), যঃ (যাহা) বাচঃ (বাক্যের) দোহঃ (দুগ্ধ)। অনুবান্ অন্নাদঃ (অন্নভোক্তা) ভবতি (হন) যঃ (যিনি) এতানি (এই সমুদয়কে) এবম্ (এই প্রকার) বিদ্বান্ (জানিয়া উদ্গীথ+অক্ষরাণি (উদ্গীথের অক্ষরসমূহকে) উপাস্তে (উপাসন করেন)—উদ্গীথঃ ইতি (ইহাই উদ্গীথের অক্ষরসমূহের ব্যাখ্যা)।
সরলার্থ : দ্যৌ−ই ‘উৎ’, অন্তরীক্ষই ‘গী’ এবং পৃথিবীই ‘থ’। আদিত্যই ‘উৎ’, বায়ুই ‘গী’, অগ্নিই ‘থ’। সামবেদই ‘উৎ’, যজুর্বেদই ‘গী’, ঋগ্বেদই ‘থ’। বাক্যের যে দুগ্ধ, সেই দুগ্ধকে বাক্ স্বয়ং উপাসকের জন্য দোহন করেন। যিনি এই প্রকার জানিয়া উদ্গীথের অক্ষরসমূহের উপাসনা করেন, তিনি অন্নবান ও অন্নভোক্তা হন।
মন্তব্য : ‘দুগ্ধে অস্মৈ বাক্ দোহম্, যঃ বাচঃ দোহঃ’—এইস্থলে আমরা ‘দুগ্ধ’ অর্থে ‘দোহঃ’ গ্রহণ করিয়াছি। তাহা হইলে এই অংশের অর্থ হইবে এই—বাক্যের যে দুগ্ধ, বাক্ উপাসকের জন্য নিজের সেই দুগ্ধ দোহন করেন। কেহ কেহ বলেন ‘দোহঃ’ অর্থ দোগ্ধা। তাহা হইলে এই প্রকার অর্থ হইবে— যিনি বাক্যের দোগ্ধা (অর্থাৎ যিনি বাক্যকে দোহন করিতে সমর্থ বা কৃতসঙ্কল্প), বাক্ নিজেই তাঁহার জন্য আপনার দুগ্ধ দোহন করেন।