অথাধিদৈবতং য এবাসৌ তপতি তমুদ্গীথমুপাসীতোদ্যম্বা
এষ প্রজাভ্য উদ্গায়তি। উদ্যংস্তমো ভয়মপহন্ত্যপহন্তা হ বৈ
ভয়স্য তমসো ভবতি য এবং বেদ ॥ ১
অন্বয় : অথ (অনন্তর) অধিদৈবতম্ (দেবতাসংক্রান্ত ব্যাখ্যা)— য এব অসৌ (এই যিনি, এই যে সূর্য) তপতি (উত্তাপ দিতেছেন), তম্ (তাহাকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাসীত (উপাসনা করিবে)। উদ্যন্ (উদিত হইয়া) বৈ এষঃ (এই সূর্য) প্রজাভ্যঃ (প্রাণীদিগের জন্য) উদ্গায়তি (উদ্গান করেন)। উদ্যন্ তমঃ ভয়ম্ (অন্ধকারের ভয়কে কিংবা অন্ধকার ও ভয়কে) অপহন্তি (বিনাশ করেন)। অপহন্তা (বিনাশক) হ বৈ ভয়স্য তমসঃ (অন্ধকারের ভয়ের, কিংবা অন্ধকারের এবং ভয়ের) ভবতি (হন), যঃ (যিনি) এবম্ (এই প্রকার) বেদ (জানেন)।
সরলার্থ : তারপর অধিদৈবত দৃষ্টিতে (উদ্গীথের উপাসনা ব্যাখ্যাত হইতেছে)— ঐ যে সূর্য উত্তাপ দিতেছেন উহাকে উদ্গীথরূপে উপাসনা করিবে। ঐ সূর্য উদিত হইয়া জীবগণের জন্য উদ্গান করিয়া থাকেন এবং অন্ধকারের ভয় (বা অন্ধকার ও ভয়কে) বিনাশ করিতে সমর্থ হন।