ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপাসীতোমিতি হ্যূদ্গায়তি তস্যোপব্যাখ্যানম্ ॥১
অন্বয় : ওম্ ইতি (‘ওম্’ এই) এতৎ অক্ষরম্ (এই অক্ষরকে) উদ্গীথম্ (উদ্গীথরূপে) উপাসীত (উপাসনা করিবে), ওম্ ইতি (‘ওম্’ এই শব্দ উচ্চারণ করিয়া) হি (যেহেতু) উদ্গায়তি (উদ্গীথ গান করে)। তস্য (তাহার) উপব্যাখ্যানম্ (ব্যাখ্যা এই—)।
সরলার্থ : ‘ওম্’ এই অক্ষরকে উদ্গীথরূপে উপাসনা করিবে; কারণ প্রথমে ‘ওম্’ শব্দ উচ্চারণ করিয়া পরে উদ্গীথ গান করা হয়। ইহার ব্যাখ্যা এই—
মন্তব্য : ‘ওম্’ অক্ষরের মৌলিক অর্থ কি, বলা কঠিন। সম্ভবতঃ সম্মতি সূচক অব্যয়রূপেই ইহা প্রথম প্রবর্তিত হইয়াছিল। ওম্=অর্-মন্; অব্ ধাতুর অর্থ রক্ষা করা। কেহ কেহ বলেন, ওম্=অ+উ+ম্ (মাণ্ডুক্য ৮; প্রশ্ন ৫।৫; মৈত্রী ৬।৩ এবং আধুনিক অনেক উপনিষদে; মনু ২।৭৬ ইত্যাদি)। সামবেদের একটি অংশের নাম ‘উদ্গীথ’। এই অংশ গান করার নাম ‘উদ্গান করা’।