আদিত্য ইতি হোবাচ সর্বাণি হ বা ইমানি ভূতান্যাদিত্যমুচ্চৈঃ সন্তং গায়ন্তি সৈষা দেবতোদ্গীথমন্বায়ত্তা তাং চেদবিদ্বানুদাস্যো মূর্ধা তে ব্যপতিষ্যত্তথোক্তস্য ময়েতি ॥ ৭
অন্বয় : আদিত্যঃ ইতি হ উবাচ। সর্বাণি হ বৈ ইমানি ভূতাণি আদিত্যম্ (আদিত্যকে) উচ্চৈঃ (ঊর্ধ্বে) সন্তম্ (স্থিত, ‘আদিত্যম্’ এর বিশেষণ) গায়ান্ত (গান করে)। সা এষা দেবতা উদ্গীথম্ অন্বায়ত্তা (উদ্গীথের অনুগত)। তাম্ চেৎ অবিদ্বান্ উদগাস্যঃ (উৎ+অগাস্য— উদ্গান করিতে) মূর্ধা তে ব্যপতিষ্যৎ তথা উক্তস্য ময়া ইতি (৫ম মঃ দ্রঃ)।
সরলার্থ : উষস্তি বলিলেন—’আদিত্যই সেই দেবতা। সূর্য ঊর্ধ্বে উঠিলে এই চরাচর সর্বভূত তাঁহার স্তব করিয়া থাকে। সেই দেবতাই উদ্গীথের অনুগমন করেন। তাঁহাকে না জানিয়া যদি তুমি উদ্গীথ গান করিতে, আমার ঐ বাক্যানুসারে তোমার মস্তক খসিয়া পড়িত। [কিংবা আমি ঐ বাক্য বলিবার পরও যদি তুমি উদ্গান করিতে, তোমার মস্তক খসিয়া পড়িত]।