অথ হৈনং প্রস্তোতোপসসাদ প্রস্তোতর্যা দেবতা প্রস্তাবমন্বায়ত্তা তাং চেদবিদ্বান্ প্রস্তোষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি মা ভগবানবোচৎ কতমা সা দেবতেতি ॥ ৪
অন্বয় : অথ হ এনম্ (উষস্তির নিকট) প্রস্তোতঃ উপসসাদ (উপস্থিত হইল)। প্রস্তোতঃ যা দেবতা প্রস্তাবম্ অম্বায়ত্তা, তাম্ চেৎ অবিদ্বান্ প্রস্তোষ্যসি, মূর্ধা তে বিপতিষ্যতি ইতি মা (আমাকে) ভগবান্ অবোচৎ (বলিয়াছিলেন)। কতমা (কে) সা (সেই) দেবতা? ইতি।
সরলার্থ : তারপর প্রস্তোতা উষস্তির নিকট উপস্থিত হইয়া বলিল—আপনি আমাকে বলিয়াছিলেন, ‘হে প্রস্তাবপাঠক, যে দেবতা প্রস্তাবের অনুগমন করেন তাঁহাকে না জানিয়া যদি প্রস্তাব পাঠ কর, তাহা হইলে তোমার মস্তক খসিয়া পড়িবে।’ আপনি বলুন— তিনি কোন্ দেবতা?